যুব এশিয়া কাপে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে পরাজিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। এই জয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়াম। ওপেনার আবদুল্লাহ আল মুহি ২৫ বলে ৩০ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। তার ইনিংসে ছিল ছয়টি চার।
এরপর তৃতীয় উইকেটে আহসান আল মুমিন ও জারিফ সিয়াম ৬৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের প্রাথমিক চাপ সামাল দেন। সিয়াম ৮৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৫৯ রান করে সাজঘরে ফেরেন।
অন্যপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং অব্যাহত রাখেন মুমিন। ৭৩ বলে অর্ধশতক পূর্ণ করা এই ব্যাটার সেঞ্চুরির পথে এগোলেও শেষ পর্যন্ত তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ৯৮ বলে চারটি ছক্কা ও দুটি চারের সাহায্যে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।
শ্রীলঙ্কার হয়ে সেথমিকা সেনেভিরত্নে ৫২ রান দিয়ে চারটি উইকেট শিকার করেন। গিমহান মেন্ডিস নেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগোদা।
৩৭তম ওভারে ৮৫ রান করে ওয়েকুনাগোদা আউট হলে শ্রীলঙ্কার জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। ৯৫ বলে ১০টি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। দলের অন্য কোনো ব্যাটার ২০ রানের ঘরও স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের হয়ে বল হাতে সমান দুটি করে উইকেট নেন তাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে আগামী সোমবার একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কার প্রতিপক্ষ আফগানিস্তান।