🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » গফরগাঁওয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান

গফরগাঁওয়ে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মাহফুজুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বুধবার সকালে তিনি গফরগাঁও উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে মো. মাহফুজুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি গফরগাঁওয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গফরগাঁও উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) প্রায় দুই বছর ছয় মাস দায়িত্ব পালন শেষে বদলি হয়ে খুলনা বিভাগীয় কার্যালয়ে যোগ দেন। এরপর গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।

পদটি শূন্য থাকায় গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ভূমি প্রশাসনের দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তিনি গফরগাঁও পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নের ভূমিসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম তদারকি করেন।

নামজারি, সরকারি জমি ব্যবস্থাপনা এবং ভূমি অফিসে আসা সাধারণ মানুষের বিভিন্ন সেবা কার্যক্রমও তার তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকালে মোহাম্মদ ইউসুফ সবার কাছে সুনাম অর্জন করেছেন।

নতুন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমানের যোগদানের মধ্য দিয়ে দীর্ঘদিন পর গফরগাঁওয়ের ভূমি প্রশাসনে নিয়মিত কর্মকর্তা দায়িত্ব পেলেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মকর্তা দায়িত্ব গ্রহণের ফলে উপজেলার ভূমি প্রশাসনের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ভূমিসংক্রান্ত সেবাও দ্রুত ও সহজতর হবে।

আরও পড়ুন

সর্বশেষ