কক্সবাজারের টেকনাফের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা। এর মধ্যে উপজেলায় যেকোনো ধরনের ক্রীড়া টুর্নামেন্ট বা প্রতিযোগিতা আয়োজনের আগে উপজেলা ক্রীড়া সংস্থার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত উল্লেখযোগ্য।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম অনীক চৌধুরী। সভা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।
এছাড়া নতুনকুঁড়ি প্রতিযোগিতার বাছাই, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন, মাঠ সংস্কার ও ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বিভিন্ন ক্লাব ও সমিতির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ক্রীড়া কার্যক্রম আরও সমন্বিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
সভায় টেকনাফের বর্তমান ক্রীড়া পরিস্থিতি, মাঠ ব্যবস্থাপনা, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনি, মোকতার হোসাইন বাপ্পি, সদস্য ও সাংবাদিক ছৈয়দ আলম, আব্দুস সালাম, মরজিনা আক্তার, মোহাম্মদ আলী জিন্নাহ, সুপ্লব পাল ও মো. জোবায়ের ওসমান উপস্থিত ছিলেন।