ফেনীতে চার তরুণ অপহরণের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকায় ফেনীর অপহরণ মামলার এক আসামির অবস্থানের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অবস্থান নেয়।
পরে এনামুল হক জনির কুলিং কর্নারের সামনে জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর তার শরীর তল্লাশি করে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধান ও মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জুনে ফেনীতে চার তরুণকে অপহরণের ঘটনায় টেকনাফ থানায় করা মামলায় জাহাঙ্গীরকে ৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে।
অভিযান শেষে গ্রেপ্তার জাহাঙ্গীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।