নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ দুই বন্দর দিয়ে কয়লা আমদানি কার্যক্রম চালু হয়। এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে আমদানি বন্ধ ছিল।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল। এ থেকে সরকার প্রায় দেড় কোটি টাকা রাজস্ব এবং ১৮ লাখ টাকা ভ্যাট আদায় করে।
দীর্ঘদিন বন্দর বন্ধ থাকা এবং আমদানি কার্যক্রমে স্থবিরতার কারণে ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, ২৫টি পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে এ বন্দর দিয়ে মাত্র একটি পণ্য—কয়লা আমদানি হচ্ছে। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, বন্দর সবসময় সচল থাকলে সরকার রাজস্ব পাবে এবং শ্রমিক-ব্যবসায়ী সবাই উপকৃত হবেন।
ব্যবসায়ী শামসুল আলম বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো। দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল এবং শ্রমিকদের মধ্যেও কর্মচঞ্চলতা থাকত। তবে ২০১৫ সাল থেকে সেই ধারাবাহিকতা নষ্ট হয়েছে। এখন এক দিন কয়লা আমদানি হলে পরদিন আবার বন্ধ থাকে। প্রতিদিন নিয়মিত কয়লা আমদানি হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে বলে তিনি মনে করেন।
কড়ইতলী ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত দুই থেকে তিনজন কয়লা পেয়েছেন। শ্রমিকরাও দীর্ঘদিন কাজের অপেক্ষায় ছিলেন। কয়লা আমদানি শুরু হওয়ায় বন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে তাদের খুব কষ্ট করে চলতে হয়। এখন আবার কাজ শুরু হওয়ায় তারা খুব খুশি।