🏠︎ » বাংলাদেশ » অপরাধ » উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি অভিযানিক দল উখিয়া থানার ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার (সাবেক আশ্রয়কেন্দ্র) সংলগ্ন ইট সলিং সড়কে বিশেষ চেকপোস্ট বসায়।

চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন মোহাম্মদ জহির (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল,ম্যাগাজিন,গুলি

গ্রেপ্তার জহির উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-০২-এর বাসিন্দা। তিনি রশিদ আহম্মদের ছেলে এবং তার এফসিএন নম্বর-২০২৬০০।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সক্রিয় সদস্য বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় অবৈধ অস্ত্র বহনের অভিযোগে গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ