🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

দুই ঘণ্টার বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতালে রোগীদের ভোগান্তি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ, বিভিন্ন পরীক্ষা ও চিকিৎসাসেবা নিতে সমস্যায় পড়েন তারা।

রোগীদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও বিদ্যুৎ না থাকায় অনেকে টিকিট কাটতে পারেননি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষাও করাতে না পেরে ফিরে যেতে হয়েছে কয়েকজনকে।

রোগী মো. ইমরান জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও বিদ্যুৎ না থাকায় টিকিট সংগ্রহ করতে পারেননি। একই কারণে চিকিৎসকের পরামর্শ দেওয়া কয়েকটি পরীক্ষাও করাতে পারেননি তিনি।

আরেক রোগী সুজন দাশ বলেন, এমআরআই পরীক্ষা চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এতে মেশিন বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর আবার পরীক্ষা শুরু করা সম্ভব হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও হাসপাতালের নিজস্ব জেনারেটরের মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা চালু রাখা হয়েছিল। অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ সচল রাখা হয়। তাঁর দাবি, এতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি আগেই জানানো হয়েছিল। চমেক হাসপাতালের আশপাশের কয়েকটি এলাকাতেও প্রায় দেড় থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আরও পড়ুন

সর্বশেষ