🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত দীপু মনি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে ঢাকার বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান।

সেখানে ফ্রিজিং ভ্যানে রাখা স্বামীর মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপু মনি। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যেও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সল জানান, কলাবাগানের এই বাসাতেই দীপু মনির সঙ্গে তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। পরে গুলশান আজাদ মসজিদে তার জানাজা এবং বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

দীপু মনি বর্তমানে একটি মামলায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ