ময়মনসিংহের হালুয়াঘাটে টানা তিন দিনের অতিবৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে উপজেলার মনিকুড়া এলাকার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয় ও আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় দুই শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছে। এর মধ্যে প্রায় শতাধিক পরিবার সেন্ট এন্ড্রুজ উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল আশ্রয়কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয় নেওয়া পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকারসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়রা।
এ সময় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা, খাল-নালা পরিষ্কার ও পুনঃখনন এবং আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর জন্য খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানান। স্থানীয়রা জানান, পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাঁরা এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।