🏠︎ » অর্থনীতি » সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

ঢাকা : সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশকে উন্নয়ন ও প্রযুক্তির পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার একটি স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে এবং সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে বিবেচনা করছে।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্সড প্যাকেজিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এ শিল্পের বিকাশ কোনো একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; বরং এটি একটি সম্মিলিত জাতীয় উদ্যোগ।

তিনি আরও জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের ওপর সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিস থেকে অর্জিত রপ্তানি আয়ের ওপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার প্রথমবারের মতো বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানও বরাদ্দ রেখেছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে নীতিনির্ধারক, শিল্প উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী এবং দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। দুই দিনের এ আয়োজনের মধ্যে রয়েছে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী।

সামিটে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই, পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন। এছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন।

সামিটের অংশ হিসেবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এরও আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ