নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন মো. মোশাররফ হোসেন (সুপার ও কাজী) সাহেবের বাসায় গভীর রাতে গ্রীল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী এক ভাড়াটিয়া, যিনি একটি ব্যাংকের কর্মকর্তা, জানান, রাতে আনুমানিক ৩টার দিকে মোবাইল ফোনের অ্যালার্ম বন্ধ করে সেটি বালিশের নিচে রেখে আবার ঘুমিয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা পর ঘুম ভাঙলে তিনি দেখেন, বালিশের নিচে রাখা মোবাইল ফোনটি নেই। পরে উঠে ঘরের চারপাশে তাকিয়ে দেখেন, তার শোয়ার ঘর ও পাশের ঘর তছনছ অবস্থায় রয়েছে।
পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, আগের দিন উত্তোলন করা বেতনের প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একই খাটে ঘুমিয়ে থাকা তার মায়ের কান থেকে খুলে নেওয়া প্রায় ৬ আনা ওজনের সোনার কানের দুল চোরেরা নিয়ে গেছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
মোঃ আব্দুল গফুর ||পত্নীতলা নওগাঁ প্রতিনিধি