🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ফুলপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ফুলপুরে গৃহবধূ হত্যা মামলায় স্বামী-শ্বশুর গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর তার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১০ মে ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকায় সিম্পাকে তার স্বামী মো. মফিজুল ইসলাম (২৭), শ্বশুর আব্দুল হাই (৫৫) এবং শাশুড়ি মোছা. ফজিলা খাতুন (৫০) পরস্পরের যোগসাজশে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহ নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে তারা পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা মো. নায়েব আলী বাদী হয়ে ১১ মে ফুলপুর থানায় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩০২ ধারায় রুজু করা হয়।

মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে ময়মনসিংহের পুলিশ সুপারের নির্দেশনায় ফুলপুর থানার এসআই (নিঃ) মো. আজিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুলাই র‍্যাব-৯, সিপিসি-৩, সিলেটের সদস্যদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাধাঘাট এলাকা থেকে প্রধান আসামি মো. মফিজুল ইসলাম ও তার বাবা আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ফুলপুর থানায় নিয়ে আসা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, সিম্পা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীদ্বয় কে আইনানুগ সকল কাজ শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । মামলার অপর আসামি মোছা. ফজিলা খাতুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তপু রায়হান রাব্বি || ফুলপুর (ময়মনসিংহ), প্রতিনিধি

আরও পড়ুন

সর্বশেষ