বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করে ভেতরের মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৫ জুলাই) রাতে উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সরকার ফেনীগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির পাশেই নিজের মিলে ঘুমাতে যান মোহাম্মদ আলী। সোমবার সকাল ৭টার দিকে ডাবইর গ্রামের আতোয়ার নামে এক ব্যক্তি মরিচ ভাঙাতে মিলে এসে বাইরে থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় ভ্যানচালক আব্দুল আজিজকে বিষয়টি জানান।
পরে আব্দুল আজিজ নিহতের পরিবারের সদস্যদের খবর দিলে তারা মিলের পেছনের দরজা খোলা দেখতে পান। ভেতরে প্রবেশ করে চৌকির ওপর মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে ও মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। একই সময় মিলের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর করা অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে দুর্বৃত্তরা মিলে প্রবেশ করেছিল। পরে চিনে ফেলার আশঙ্কায় তারা মিল মালিককে মাথায় আঘাত করে হত্যা করে।
তিনি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।