ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে ৩৬ বোতল বিদেশী মদসহ তিনজন কথিত মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল কোতোয়ালী থানার দিঘারকান্দা এলাকায় ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় “সালমান পরিবহন” নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মো. মাছুম শেখ (২৯), মো. লিটন মিয়া (২৬) এবং মো. মমিন মিয়া (২৩)। তাদের বাড়ি নেত্রকোনা জেলায় বলে জানিয়েছে র্যাব।
র্যাবের ভাষ্য অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে বিদেশী মদ দেশের অভ্যন্তরে এনে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে র্যাবদাবি করেছে।
র্যাবআরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।