🏠︎ » বাংলাদেশ » অপরাধ » ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ২০

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা সংঘর্ষে ভাঙ্গা বাসস্ট্যান্ডসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের যুবকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় চার মাস আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সেই বিরোধের জের ধরেই মঙ্গলবার সন্ধ্যায় ফের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং দেশীয় অস্ত্রের মহড়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়া হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রাত সাড়ে ৯টার দিকে গুলিবিদ্ধ সুমন শেখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিহতের স্বজন ও এলাকাবাসী ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন

সর্বশেষ