ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের ওসির নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের একটি দল গত ২৭ জুন বিকেল ৩টা ৫৫ মিনিটে বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে মোঃ শান্ত এবং অনিক চন্দ্র দে-কে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শাহবাজপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।
এ ঘটনায় মোঃ মোস্তফা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা-এ পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ চক্রের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।