স্টুডেন্ট ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের এক হেলপারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) সকালে নীলাচল পরিবহনের ৯টি বাস আটকে দেন কলেজটির শিক্ষার্থীরা।
জানা যায়, গতকাল সকালে নীলাচল পরিবহনের একটি বাসে যাতায়াতের সময় স্টুডেন্ট ভাড়া দিতে চান ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী। এ সময় বাসের হেলপার তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই শিক্ষার্থী হেনস্তার শিকার হন বলেও অভিযোগ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এর প্রতিবাদে শনিবার সকালে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহনের বাস আটকে দেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে পরিবহনশ্রমিকদের এমন আচরণের প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু প্রতিকার দাবি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও স্টুডেন্ট ভাড়া নিয়ে আপত্তি তোলেন বাসের হেলপার। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ করা হয়। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আমার সঙ্গে বাসের স্টুডেন্ট ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসের হেলপার এত খারাপ ব্যবহার করেন যে, পুরো রাস্তাই আমাকে কান্না করতে করতে পার করতে হয়েছে।”
এ ঘটনায় অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি ভবিষ্যতে গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।