কক্সবাজারের রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল (২৬) হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহজাহান (৩১), পিতা-মুরত আলম, গ্রাম-চরপাড়া, চেইন্দা, দক্ষিণ মিঠাছড়ি, থানা-রামু, জেলা-কক্সবাজার-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
প্রাথমিক অনুসন্ধান ও মামলা-সংক্রান্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ০৬ জানুয়ারি ২০১২ তারিখে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেল (২৬)-কে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে একই দিন সন্ধ্যা আনুমানিক ১৮:৩০ ঘটিকায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে পুলিশ তাঁর নৃশংসভাবে ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। উক্ত নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় রামু থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকে আসামি মোঃ শাহজাহান দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে র্যাব ১৫ আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২০:২০ ঘটিকায় র্যাব-১৫, ব্যাটালিয়ন সদর কোম্পানি, কক্সবাজার-এর একটি চৌকস আভিযানিক দল রামু থানাধীন চেইন্দা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের মাধ্যমে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শাহজাহানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ দমন, চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে র্যাব-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তানিম হোসেন ইমন , রামু প্রতিনিধি