তপু রায়হান রাব্বি || ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
হাসপাতালে যা আছে, তা দিয়েই আন্তরিকতার সঙ্গে সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত সেবা পান, এবং সাধারণ মানুষকে আন্তরিকতার সঙ্গে সর্বোত্তম চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
বুধবার (২৫ নভেম্বর) সকালে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ।
সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মানোন্নয়ন, রোগীবান্ধব সেবা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সুষ্ঠু ব্যবস্থাপনা, চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও উন্নত করার বিষয়ে আলোচনা হয়।