হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল ও বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) রাতে এবং রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে বিমানবন্দর থানা-পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমনের দায়ের করা মামলার ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিদেশ থেকে পাঠানো স্বর্ণালংকার এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করা হয়। মামলার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে জানিয়ে ডিএমপির কর্মকর্তা বলেন, অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না।
পুলিশ সূত্র জানায়, গত ২৯ আগস্ট মো. সুমন বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদীর বড় ভাই কাউসার মালয়েশিয়াপ্রবাসী। পরিবারের প্রয়োজন ও বোনের বিয়ের জন্য তিনি ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। সুমন তাঁর বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে ওই রাতে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো গ্রহণ করেন।
পরে একটি ভাড়া করা মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে নামার পর কয়েকজন ব্যক্তি তাঁদের ঘিরে ধরেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ওই ব্যক্তিরা তাঁদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন এবং তাঁদের কাছে বোমা রয়েছে বলে দাবি করেন। এরপর তাঁদের মারধর করে সঙ্গে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।