🏠︎ » প্রবাস » ১৫ থেকে ৪০ মিনিটে লাগেজ সরবরাহ না হলে জরিমানা

১৫ থেকে ৪০ মিনিটে লাগেজ সরবরাহ না হলে জরিমানা

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ফ্লাইট অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যে যাত্রীদের লাগেজ সরবরাহ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজের কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তৃতীয় টার্মিনাল ভবন পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।

মন্ত্রী জানান, বিষয়টি এরই মধ্যে জাপানি কনসোর্টিয়াম ও সুমিতমোকে অবহিত করা হয়েছে। টার্মিনালে যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে বলেও জানান তিনি।

এ সময় তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনার কথা তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তাদের মূল উদ্দেশ্য দ্রুত টার্মিনালটি চালু করা। তাঁর ভাষ্য, আগের সরকার শুধু টার্মিনাল ভবনের সফটওয়্যার চালু ও ভবন উদ্বোধন করেছিল; কিন্তু ভেতরের কার্যক্রম শুরু করার বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, জাইকার ঋণের অর্থে তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সিভিল এভিয়েশনের নিজস্ব আয় থেকে সেই ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। তবে এখনো টার্মিনাল থেকে কোনো আয় হচ্ছে না। এ কারণে যত দ্রুত সম্ভব এটি উদ্বোধন করে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, টার্মিনাল চালুর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে। এর মধ্যে স্ক্যানার ব্যবস্থাপনার দায়িত্ব কাস্টমসের এবং ইমিগ্রেশন কার্যক্রম নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করে ডিসেম্বর মাসে টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, উদ্বোধনের পর ধাপে ধাপে ৫ থেকে ৬ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের পুরো কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে যে আলোচনা চলছে, সেটিও মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে তাদের ১৬ ডিসেম্বরের সময়সীমা দেওয়া হয়েছে এবং এর মধ্যেই অপারেশন চালু করতে হবে।

বর্তমান কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালকে সম্পূর্ণ প্রস্তুত ও আধুনিক রূপে উদ্বোধন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ