ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ই-মেইলটি পাওয়ার পর পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।
সোমবার সকালে দিল্লির একটি কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও জানিয়েছে, এ ধরনের একটি ই-মেইল দিল্লি হাইকমিশন থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে তাঁর পক্ষে যোগাযোগের কথা উল্লেখ করেছেন। ই-মেইলে শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্রের দাবি, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ এতে নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদন বা অথরাইজেশন-সংক্রান্ত কোনো নথি সংযুক্ত ছিল না।
ই-মেইলে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য হাইকমিশনের সহযোগিতা চাওয়া হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম তিনি এ ধরনের আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতে অবস্থানরত শেখ হাসিনার এই উদ্যোগকে দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।