ময়মনসিংহ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন সেক্টরের স্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ঢাকাস্থ ময়মনসিংহ জেলার সম্মানিত নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন অডিটোরিয়াম, কাফরুল, মিরপুরে এ সভার আয়োজন করা হয়।
সভায় ময়মনসিংহ জেলার সামগ্রিক উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি এবং পিছিয়ে থাকা বিভিন্ন খাতকে এগিয়ে নিতে একটি বাস্তবভিত্তিক রূপরেখা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুস্তাফিজুর রহমান, সাবেক আইজিপি মাহফুজুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. যোবায়েত হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান নূর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় ময়মনসিংহ জেলার উন্নয়নের জন্য একটি প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন করেন ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা -যুগ্ম মহাসচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন নেতৃবৃন্দ ও নাগরিকরা ময়মনসিংহের উন্নয়ন নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আলোচনা শেষে কণ্ঠভোটে “ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা” নবনির্বাচিত সভাপতি হিসেবে প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং মহাসচিব হিসেবে মোহা. মোয়াজ্জেম হোসেন মতিকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে সমিতির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সভাপতি বক্তব্য দেন এবং মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।