নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা মোট শিক্ষার্থীর ১১ দশমিক ৪৫ শতাংশের ফলাফলে এ পরিবর্তন এসেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। পুনর্নিরীক্ষণের পর তাদের মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডে ৫ হাজার ৮৫৩ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮৬০ জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৬৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এ ছাড়া বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭২ জন, দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৪৩ জন, যশোর বোর্ডে ১ হাজার ৯০৯ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৩৫৩ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ১২৮ জন এবং রাজশাহী বোর্ডে ৭৭৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।