🏠︎ » স্বাস্থ্যসেবা » কলমাকান্দায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

কলমাকান্দায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় জেলার কলমাকান্দা উপজেলার খারনই সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এ ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৫৪ জন চিকিৎসা সেবা পেয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) দিনব্যাপী খারনই বিওপি সংলগ্ন খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন বেসামরিক চিকিৎসক এবং কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক।

বিজিবি জানায়, ক্যাম্পেইনে চিকিৎসা সেবা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ জন, নারী ১৩৫ জন এবং শিশু ৪২ জন। চিকিৎসা সেবার পাশাপাশি তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এছাড়া রোগীদের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

ক্যাম্পেইনে ৫৪ গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ ও মলম। ফলে প্রত্যন্ত সীমান্ত এলাকার অনেক দরিদ্র ও অসহায় মানুষ নিজ এলাকার কাছেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডার, বিজিবির অন্যান্য সদস্য, স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের স্বাস্থ্যসেবা ও মানবিক প্রয়োজনে বিজিবির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন স্থানীয়রা। তারা বলেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবার, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এটি অনন্য জনসেবামূলক উদ্যোগ।

স্থানীয়দের প্রত্যাশা, মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে সীমান্তবর্তী জনপদের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তা আরও কার্যকর সহায়তা হয়ে উঠবে।

মামুন রণবীর, ব্যুরো প্রধান, নেত্রকোণা।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ