দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন—জীবনের নানা চড়াই-উতরাই অতিক্রম করে নতুন এক অধ্যায়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনে বড় অর্জনের এই সময়ে আজ ২০ নভেম্বর তাঁর ৬১তম জন্মদিন। তবে এবারের জন্মদিনে সবচেয়ে বড় অনুপস্থিতি মমতাময়ী মা খালেদা জিয়া। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। অথচ পাশে নেই সেই মা, যাঁকে হারানোর শোক তাঁর জীবনের গভীরতম বেদনার একটি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান শৈশবেই হারান বাবাকে। এরপর মায়ের রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্রক্ষমতায় আরোহণ, প্রতিকূলতা মোকাবিলা ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাক্ষী হয়ে ওঠেন তিনি।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন তারেক রহমান। ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনসহ পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, দলকে সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
তবে তাঁর রাজনৈতিক জীবনের পথ মসৃণ ছিল না। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবাস, নির্যাতনের অভিযোগ, শারীরিক অসুস্থতা ও একাধিক মামলার মধ্য দিয়ে কঠিন সময় পার করেন তিনি। ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাসজীবন। প্রায় ১৭ বছর দেশের বাইরে থেকেও বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দলের কঠিন সময়, নেতাকর্মীদের মামলা-গ্রেপ্তার এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে যুক্তরাজ্যে অবস্থান করেই দল পরিচালনায় নেতৃত্ব দিতে হয় তাঁকে। একই সময়ে মায়ের অসুস্থতা ও কারাবাস তাঁকে ব্যক্তিগতভাবেও উদ্বেগের মধ্যে রাখে।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে দলকে সংগঠিত করা ও নির্বাচনি প্রস্তুতিতে নেতৃত্ব দেন তিনি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
রাজনৈতিক জীবনের এই প্রত্যাবর্তন ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ তাঁর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে। কিন্তু সেই অধ্যায়ের শুরুতেই তাঁকে হারাতে হয় জীবনের সবচেয়ে আপন মানুষটিকে। দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান তাঁর মা খালেদা জিয়া। যে মায়ের রাজনৈতিক সংগ্রাম কাছ থেকে দেখেছেন, যিনি ছিলেন তাঁর জীবনের আশ্রয় ও প্রেরণার অন্যতম উৎস, সেই মাকে হারানোর শোক নিয়েই এগিয়ে যেতে হচ্ছে তাঁকে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিনে তারেক রহমানের সামনে একদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, অন্যদিকে মায়ের স্মৃতি ও শোক। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানোর এই সময়ে তাই জন্মদিনটি তাঁর জন্য কেবল বয়স বাড়ার উপলক্ষ নয়; এর সঙ্গে মিশে আছে অর্জন ও হারানোর, প্রত্যাবর্তন ও বিচ্ছেদের এক ব্যক্তিগত অনুভূতি।