দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সারাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বুধবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি বাড়ানো, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি জোরদার এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বৃদ্ধি করতে বলা হয়েছে।
পাশাপাশি বিমানবন্দরে প্রবেশ করা সব ধরনের যানবাহনে তল্লাশি কার্যক্রম আরও কঠোর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে টহল বৃদ্ধি, নজরদারি জোরদার এবং প্রবেশকারী যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো। বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেসব বিমানবন্দরেও রাতের সময় নিরাপত্তা টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার আওতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি ব্যবস্থার আওতায় বিমানবন্দর এলাকাকে যুক্ত করে নতুন ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।