🏠︎ » চিকিৎসা » হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৪৪০

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৪৪০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৪০ জন। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চলতি বছর দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।

এ সময়ে দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৫৪৭ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬০ জন, সিলেটে ২০৫ জন, বরিশালে ১৪১ জন, খুলনায় ১০৪ জন, ময়মনসিংহে ১০২ জন, রাজশাহীতে ৫৩ জন এবং রংপুর বিভাগে ২৮ জন রোগী ভর্তি হয়েছেন।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ