🏠︎ » জাতীয় » কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ (COP31) যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট বিশেষ সহকারী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সম্ভাব্য সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, এমন একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেখানে দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এ ধরনের সাক্ষাতে নির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা ও অবস্থান তুলে ধরবেন।

তিনি জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।

এ ছাড়া অভিযোজন খাতে অর্থায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের কার্যকর বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দেবে বাংলাদেশ।

সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা বিনিময় করা হবে।

এদিকে, সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, সম্মেলনের সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ