বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং অপরাধ দমনে পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং।
সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার প্রতিরোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন ফিলিপ অং।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।