চাঁদপুর প্রতিনিধি :
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপরই নদীতে মাছ শিকারে যাওয়ার কথা রয়েছে তাঁদের।
জানা গেছে, নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ধনাগোদা নদীসহ নির্ধারিত প্রায় ৭০ কিলোমিটার নৌসীমানায় মাছ ধরা শুরু করতে পারবেন জেলেরা। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ের ওপরও নিষেধাজ্ঞা উঠে যাবে।
এর আগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার এলাকায় টানা ২২ দিন সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল।
নিষেধাজ্ঞা শেষ হওয়ার খবরে নদীর পাড়ে নৌকা ও জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে। কেউ জালের ছিদ্র ও ছেঁড়াফাটা অংশ মেরামত করছেন, কেউ নৌকা ঠিক করছেন। আবার কেউ জাল শুকিয়ে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন।
জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারায় তাঁদের আয় বন্ধ হয়ে যায়। বিকল্প আয়ের সুযোগ না থাকায় অনেক পরিবারকে আর্থিক সংকটে পড়তে হয়েছে। যদিও নিষেধাজ্ঞাকালে চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।
তসর নামে চাঁদপুরের এক জেলে বলেন, নদীতে মাছ ধরা বন্ধ থাকায় আয়ও বন্ধ ছিল। এ সময়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। সরকারের দেওয়া খাদ্যসহায়তা কিছুটা উপকারে এলেও শুধু তা দিয়ে ২২ দিন সংসার চালানো কঠিন। কারণ, মাছ ধরতে না পারলেও সন্তানদের পড়াশোনা, চিকিৎসা এবং নৌকা ও জাল মেরামতের খরচ থেমে থাকে না।
কয়েকজন জেলে জানান, সংসারের নিয়মিত ব্যয়ের পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধের চাপও তাঁদের ভোগান্তি বাড়িয়েছে। তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে পর্যাপ্ত মাছ পাওয়া গেলে আর্থিক সংকট কিছুটা কমবে বলে আশা করছেন তাঁরা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজননের জন্য এই ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ সময়ে প্রায় ৭০টি মোবাইল কোর্ট পরিচালনাসহ ২২৯টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৩ লাখ ৮৯২ টাকা জরিমানা আদায় এবং ১৮৩ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞার সময় ২.৭৩৯ মেট্রিক টন ইলিশ এবং ১১ লাখ ৮৫৮ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময়ে ১৬০টি মামলা করা হয়। তাঁর প্রত্যাশা, ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়ায় ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে।
মৎস্য কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা কার্যকর রাখতে প্রশাসনের পাশাপাশি মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও নৌবাহিনী অভিযান পরিচালনা করেছে। নদীতে নিয়মিত নজরদারি ছিল। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।