🏠︎ » জাতীয় » কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের অর্ধেকের বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। রায় ঘোষণার সময় মামলার চার আসামিই পলাতক ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর বলপ্রয়োগ এবং ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। অভিযোগের মধ্যে ছিল আন্দোলন দমনে উসকানি ও প্ররোচনা দেওয়া, পরিকল্পিতভাবে বলপ্রয়োগের নির্দেশ দেওয়া এবং ছয়জনকে হত্যার প্রত্যক্ষ ও পরোক্ষ দায়।

বিচারিক কার্যক্রমে ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এরপর তাঁদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়।

রায়-পরবর্তী এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলন দমনে আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করেন মাহবুবউল আলম হানিফ।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ