🏠︎ » সর্বশেষ » কাজ শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশের এসআইয়ের, সড়কে প্রাণ গেল

কাজ শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশের এসআইয়ের, সড়কে প্রাণ গেল

বগুড়ার শেরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী (৩৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফুলিয়া গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি কাজের প্রয়োজনে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন। কাজ শেষে ঢাকায় নিজের কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ছোনকা এলাকায় পৌঁছালে গোলাম রব্বানীর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝের সড়ক বিভাজকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তার সরকারি পরিচয়পত্র (আইডি কার্ড) উদ্ধার করে পুলিশ। ওই পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন দুর্ঘটনায় এসআই গোলাম রব্বানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া আইডি কার্ডের মাধ্যমে তার নাম শনাক্ত করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ