নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে ২৪ ঘণ্টার রিমান্ড মঞ্জুর করা হয়।
সোমবার দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া এ আদেশ দেন। পরে দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
তদন্ত কর্মকর্তা জানান, গত রোববার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। সোমবার শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সে অনুযায়ী, সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত অপূর্বর জিজ্ঞাসাবাদ চলবে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় মামলা করেন।
মামলার পর শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৯ জানুয়ারি দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা পুলিশের উপপরিদর্শক মো. শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলায় ১৩ জানুয়ারি অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি।