নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এ মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান।
মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ৯৯। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন সেলিনা হায়াৎ আইভী।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে শুনানি এবং আইভীর পুনর্জামিনের আবেদনের জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। আদালতে পুনর্জামিনের আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন।