🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাবি শিক্ষক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে করা পল্টন থানার একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

বুধবার শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার জামিনের আবেদন জানিয়ে অভিযোগগুলো অস্বীকার করেন। তিনি আদালতকে বলেন, অধ্যাপক জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক। তাকে মিথ্যা অভিযোগে মামলায় জড়ানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, পল্টন থানায় দায়ের করা মামলাটিতে অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ২ অক্টোবর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নুরুজ্জামান। ওই আবেদনের ওপর শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা ও নির্দেশদাতারা নাশকতার উদ্দেশ্যে রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন। এ সময় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আরও ১৪০ থেকে ১৫০ জন পালিয়ে যান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করে। পরে মামলার তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে আদালতে দাবি করেন তদন্ত কর্মকর্তা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের আদর্শে সমর্থন, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার সঙ্গে অধ্যাপক জামাল উদ্দিনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এর আগে গত ১১ মার্চ রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে একটি পদযাত্রা কর্মসূচির সময় অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।

এবার একই থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

Noxoit Ads

আরও পড়ুন

সর্বশেষ