চট্টগ্রাম নগরের খুলশীতে মো. হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই কলোনির বাসিন্দা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, রাতে পরিবারের সঙ্গে খাবার খাচ্ছিল হৃদয়। এ সময় এক যুবক তাকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে পাওয়া যায়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবার সঙ্গে ফুটপাতে সবজি বিক্রি করত হৃদয়। এ নিয়ে সবজির দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ এবং এলাকার কয়েকজনের সঙ্গে তার বিরোধ চলছিল। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আবদুর রহিম।