খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জয়নাল সরদারের বয়স ৫৫ বছর। তিনি বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলার বিচার শেষে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মরদেহ গুমের অভিযোগে পৃথকভাবে তাকে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এসআরবি-৮ জানায়, সাজা হওয়ার পর জয়নাল দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতে অবস্থান করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশে তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে প্রযুক্তিগত সহায়তায় অবস্থান শনাক্ত করা হয়।
এরপর শনিবার রাতে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু বলেন, এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়।