কক্সবাজারের ঐতিহ্যবাহী জাদী পাহাড় এলাকায় মোটরসাইকেল নিয়ে বিরোধ ও বাকবিতণ্ডার জেরে সাইফুল ইসলাম (২৯) হত্যার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। গ্রেফতার ব্যক্তির নাম সাদমান সিহাব (৩০)। তিনি মামলার ৩ নম্বর আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টার দিকে পাওনা টাকা পরিশোধের কথা বলে পূর্বপরিচিত কয়েকজন সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় নিয়ে যান। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
হামলার পর গুরুতর আহত অবস্থায় সাইফুলকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তার মা ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর আসামিদের গ্রেফতারে এসআরবি-১৫-এর একটি দল ছায়া তদন্ত ও অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অপরাধসংক্রান্ত তথ্য পর্যালোচনায় সাদমান সিহাবের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলাসহ মাদক ও অন্যান্য ফৌজদারি অপরাধের একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতার সাদমান সিহাবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।