🏠︎ » জাতীয় » লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, স্টাফ অফিসার প্রত্যাহার

লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, স্টাফ অফিসার প্রত্যাহার

ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাসে ১১ দলীয় ঐক্যের পথসভা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশও (শোকজ) দেওয়া হয়েছে বলে জানা গেছে।

খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রত্যাহারের পর তাকে জিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি জিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা নিশ্চিত করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত এ পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। পরে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে।

কর্মসূচিকে ঘিরে ভোগড়া বাইপাসসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে কর্মসূচির গন্তব্য, দাবিগুলো এবং গাজীপুর মহানগর এলাকায় লংমার্চের প্রবেশ ও ভোগড়া বাইপাসে পথসভা আয়োজনের সময় উল্লেখ করা হয়। পোস্টে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগমের কথাও বলা হয়।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে জিএমপির ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন করা হয় এবং পরে তা সরিয়ে নেওয়া হয়। এর পরই খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয় এবং তাকে শোকজ করা হয়।

উপ-পুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ‘ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। ফেসবুক পোস্টের কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।’

তবে পোস্টটির সুনির্দিষ্ট কোন বিষয়কে দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে জিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ