🏠︎ » বাংলাদেশ » অপরাধ » আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে কিশোরের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ ছিল এবং শুক্রবার থেকে নিখোঁজ ছিল।

শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় বিজিবি সদস্যরা শাকিলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শাকিলের বলে শনাক্ত করেন।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, কিশোরের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের মধ্যে আলোচনার পর ভারতীয় পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

তিনি জানান, ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভারতীয় পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায়। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

সর্বশেষ