গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এর বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ের একাধিক ক্যাটাগরিতেও জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন এবং বৈশ্বিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই), কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি)-এর বিভিন্ন সূচকে গাকৃবির এই অবস্থান তৈরি হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম বেঙ্গল প্রতিদিনকে- এ তথ্য জানান।
তিনি জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে ‘ইনোভেশন ফেয়ার-২০২৬’ আয়োজন করা হয়। ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত এই মেলায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অসামান্য সাফল্য অর্জন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।
রাষ্ট্রীয় এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘এ অসাধারণ অর্জনের কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবক, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং গবেষণাগার ও মাঠ পর্যায়ের সকল কর্মীর সম্মিলিত প্রচেষ্টা ও নিরলস পরিশ্রমের ফল।’
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনসমূহ বাংলাদেশের কৃষিখাতের আধুনিকায়ন, উন্নয়ন ও টেকসই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের খাদ্য ও কৃষি নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর অবদান রাখবে। তাছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান উদ্ভাবন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘সমৃদ্ধ বাংলাদেশ’ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
‘Innovate To Market’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ইনোভেশন ফেয়ারে দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করে। মেলায় বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে ১ হাজারেরও বেশি উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এর আগে উদ্ভাবিত ৯৭টি জাত ও ২০টির বেশি প্রযুক্তির মধ্য থেকে নির্বাচিত ১২টি জাত ও প্রযুক্তি মেলায় প্রদর্শন করে। কৃষি, গবেষণা ও খাদ্যনিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট এসব উদ্ভাবনের বৈজ্ঞানিক গুরুত্ব, ব্যবহারিক প্রয়োগ, সৃজনশীলতা ও বাণিজ্যিক সম্ভাবনা দর্শনার্থী, শিল্প উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনের সঙ্গে তুলনামূলক মূল্যায়নের পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগুলোকে অধিক সম্ভাবনাময় ও জনকল্যাণমুখী হিসেবে বিবেচনা করা হয়।
এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উদ্ভাবকরাও উপস্থিত ছিলেন।