🏠︎ » জাতীয় » র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু করল এসআরবি

দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

বাহিনীপ্রধান আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে গেজেট প্রকাশিত হয়েছে। র‍্যাবের নাম পরিবর্তন করে বুধবার থেকেই এসআরবি নামে সব কার্যক্রম শুরু করা হয়েছে।

নতুন বাহিনীর সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও নাম পরিবর্তনের বিষয়টি দেখা গেছে। সেখানে র‍্যাবের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা লোগো ব্যবহার করা হয়েছে। তবে লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হচ্ছে।

এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের বিল পাস হয়।

গেজেটে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য একটি আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক বিশেষায়িত ইউনিট প্রয়োজন। পাশাপাশি বাহিনীর ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

২০০৪ সালের ২৬ মার্চ তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে র‍্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন অভিযানে বাহিনীটির ভূমিকা থাকলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে বাহিনীটি সমালোচনার মুখে পড়ে।

গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাব এবং বাহিনীটির তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

জুলাই গণঅভ্যুত্থানের পর র‍্যাব বিলুপ্ত করে বাহিনীটির কাঠামো পুনর্গঠনের দাবি ওঠে। ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটিও র‍্যাব বিলুপ্তির সুপারিশ করে।

এর ধারাবাহিকতায় র‍্যাবের কাঠামো ও কার্যক্রম পুনর্বিন্যাস করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। ফলে র‍্যাবের পরিবর্তে পুলিশের অধীনে নতুন নামে কার্যক্রম পরিচালনা করছে বাহিনীটি।

আরও পড়ুন

সর্বশেষ