সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো এক লিখিত আবেদনে এ অভিযোগ করেন তিনি। আবেদনে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর ডিএজি নজরুল ইসলাম ছোটন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তাঁকে উদ্দেশ করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস প্রকাশ করেন।
আবেদনে রুমিন ফারহানা বলেন, একজন দায়িত্বশীল সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য আসা শুধু তাঁর জন্য অপমানজনক নয়, এর মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি এবং পেশাগত মর্যাদাও প্রশ্নের মুখে পড়েছে।
তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপক্ষের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ ঘটনায় ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসহ উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।