🏠︎ » সর্বশেষ » ধর্ম » ইসলামিক জীবন » বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে উদ্বোধন অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানিয়েছে, মাসব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি আরও কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মেলায় ইসলামি জ্ঞান, সাহিত্য, গবেষণা ও ইতিহাসভিত্তিক নানা ধরনের বই প্রদর্শন ও বিক্রি করা হবে।

বইমেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামী সাহিত্য, গবেষণা, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গ্রন্থের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক বইও পাওয়া যাবে। ফলে বিভিন্ন বয়সী পাঠক নিজেদের প্রয়োজন অনুযায়ী ইসলামী বই সংগ্রহের সুযোগ পাবেন।

ইসলামিক ফাউন্ডেশনের আশা, এই আয়োজনের মাধ্যমে ইসলামী জ্ঞানচর্চা ও বই পড়ার অভ্যাস আরও বিস্তৃত হবে। পাশাপাশি মানুষের মধ্যে নৈতিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা বিকাশে মেলাটি ভূমিকা রাখবে। ইসলামী সাহিত্য ও গবেষণাধর্মী বিভিন্ন গ্রন্থের সঙ্গে পাঠকদের পরিচিত হওয়ারও সুযোগ তৈরি হবে।

আজ বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী এই বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ