🏠︎ » জাতীয় » কেপটাউনে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিচ্ছেন ডেপুটি স্পিকার

কেপটাউনে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিচ্ছেন ডেপুটি স্পিকার

মামুন রণবীর, বেঙ্গল প্রতিদিন

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে পাঁচ সদস‌্যবিশিষ্ট একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিতব‌্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC)-এ অংশগ্রহণ করবেন। তারা আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।

এই প্রতিনিধিদলের সদস্য হিসেবে হুমাম কাদের চৌধুরী, ও সাকিলা ফারজানা এবং মো: মাহবুবুল আলম অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিষ্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে “পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব”প্রতিপাদ‌্য সম্পর্কিত আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ডেপুটি স্পিকার কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অফ দ্য ওয়েস্টার্ন কেপ অ্যালেন ওয়াইন্ড এর সঙ্গেও দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স এর নেতৃবৃন্দের সঙ্গেও বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি দল সংসদীয় গণতন্ত্র চর্চা সুসংহতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কর্মশালায় মিলিত হবেন।

সম্মেলন শেষে প্রতিনিধিদল আগামী ২০ সেপ্টেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ