🏠︎ » বাংলাদেশ » অপরাধ » খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

খাটের নিচে অর্ধ লক্ষাধিক টাকার মদ, দুর্গাপুরে আটক ১

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় চলমান পুলিশের মাদকবিরোধী অভিযানে এবার খাটের নিচ থেকে পাওয়া গেল অর্ধ লক্ষাধিক টাকার বিদেশী মদ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চকলেঙ্গুরা গ্রামে অভিযানকালে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি নয়ন মিয়াকে (৩২) আটক করে পুলিশ। সে দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন ডিউটি করার সময় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চকলেঙ্গুরা এলাকায় নয়ন মিয়ার বসতঘরের খাটের নিচে অবৈধ ভারতীয় মদ লুকানো রয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে নয়ন। এসময় তাকে আটক করা হয়।

পুলিশ এই মাদক কারবারির বসতঘর তল্লাশি করে। পরে খাটের নিচে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে ২৪ বোতল ‘আইস ভদকা’ (প্রতিটি ৩২৫ মিলি), একটি ছাই রঙের ভ্যানিটি ব্যাগে দুই বোতল ‘রয়েল স্টেজ’ (প্রতিটি ৭৫০ মিলি) এবং একটি কালো রঙের ভ্যানিটি ব্যাগে চার বোতল ‘ব্লেন্ডেড প্রাইড’সহ ৩০ বোতল মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা বিভিন্ন ব্র্যান্ডের এসব মাদকের আনুমানিক বাজারমূল্য একষট্টি হাজার দুইশো টাকা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধারকৃত আলামত জব্দতালিকা মূলে জব্দ করে আসামিকে থানায় আনা হয়েছে। এসব মাদক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ