🏠︎ » বাংলাদেশ » রাজধানী » মঙ্গলবার থেকে নারীদের জন্য রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

মঙ্গলবার থেকে নারীদের জন্য রাজধানীতে চালু হচ্ছে ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও নারী

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে পরিচালিত এই বাসে যাত্রীসেবার পাশাপাশি চালক ও কন্ডাক্টরের দায়িত্বেও থাকবেন নারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। বিআরটিসির উদ্যোগটি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে। বিশেষ এই বাসগুলো পিংক রঙের হবে এবং বাস পরিচালনায় নারী চালক ও কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত সেবা নিশ্চিতের পাশাপাশি বাস চালনা ও পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

আরও পড়ুন

সর্বশেষ