র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, সন্ত্রাস দমন এবং পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত অনুমান ২২:৪৫ ঘটিকায় কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনে অবস্থিত ‘বাগান বাড়ি রেস্তোরাঁ’র সামনের এলাকায় র্যাব-১৫, কক্সবাজার এবং র্যাব-০৭, চট্টগ্রাম-এর একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ জিয়াবুল হক (৫০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি মোঃ জিয়াবুল হক (৫০), পিতার নাম: রহমত উল্ল্যাহ, ঠিকানা: আরেফিন নগর (কেন্দ্রীয় কবরস্থানের পাশে), থানা: বায়েজিদ বোস্তামী, সিএমপি, জেলা: চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
মামলায় সাজা ঘোষণার পর থেকেই আসামি জিয়াবুল হক আত্মগোপনে চলে যান। এরই প্রেক্ষিতে র্যাব-১৫ সদর ব্যাটালিয়ন এবং র্যাব-০৭ চট্টগ্রাম (সিপিএসসি)-এর চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি স্বীকার করে যে, আইনের হাত থেকে বাঁচতে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।