🏠︎ » বাংলাদেশ » রাজধানী » বর্ষার বাজারে আগুন, শতকের ঘরে সবজি- কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫

বর্ষার বাজারে আগুন, শতকের ঘরে সবজি- কাঁচামরিচ ৪০০ টাকা, ডিমের ডজন ১৪৫

ঢাকা: টানা বর্ষণ ও দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ার অজুহাতে গত দুই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে দু-একটি সবজি ছাড়া অধিকাংশ সবজির দাম এখন কেজিতে ১০০ টাকার ঘরে পৌঁছেছে। স্বস্তি দিচ্ছে কেবল পেঁপে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। বাজারভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ডিমের দামও। রাজধানীর আগারগাঁও, মগবাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ব্যবসায়ীদের দাবি, কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক এলাকায় সবজি ক্ষেতে পানি জমে ফসল নষ্ট হয়েছে। পাশাপাশি জলাবদ্ধতার কারণে বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় পর্যাপ্ত সরবরাহ আসছে না। আবহাওয়া স্বাভাবিক হলে এবং নতুন মৌসুমি সবজি বাজারে এলে দাম কমে আসবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

তবে ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি দুর্বল হওয়ায় বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দাম আদায় করছেন।

বাজারে সবজির দাম

রাজধানীর বাজারে বর্তমানে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা এবং লম্বা বেগুন ৮০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি ও কাঁকরোলের দাম ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি ৯০ থেকে ১০০ টাকা, আর ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আকারভেদে একটি লাউ কিনতে গুনতে হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা।

সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে শুধু পেঁপেতে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কারওয়ান বাজারে অন্যান্য এলাকার তুলনায় কিছুটা কম দামে সবজি পাওয়া গেলেও সামগ্রিকভাবে দাম ঊর্ধ্বমুখী।

কাঁচামরিচ ও ডিমের দাম বেড়েছে

কাঁচামরিচের বাজারে সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে। ২৫০ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। এক কেজি কিনতে খরচ হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা, আর কিছু বাজারে দাম উঠেছে ৪০০ টাকা পর্যন্ত। দুই সপ্তাহ আগেও একই মরিচের কেজি ছিল ১৪০ থেকে ১৬০ টাকা।

ডিমের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ফার্মের সাদা ডিমের প্রতি ডজন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা এবং বাদামি ডিম ১৩৫ থেকে ১৪৫ টাকায়। ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মুদিপণ্যের বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি।

ব্যবসায়ীদের বক্তব্য

আগারগাঁওয়ের সবজি বিক্রেতা আরমান হোসেন বলেন, কারওয়ান বাজারে পাইকারি পর্যায়েই প্রতি পাল্লা (৫ কেজি) সবজির দাম ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে এ পরিস্থিতি চলছে, তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, অতিবৃষ্টিতে মরিচ ও সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে মরিচগাছের গোড়ায় পানি জমে থাকায় উৎপাদন কমেছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল থেকে পর্যাপ্ত ট্রাক ঢাকায় পৌঁছাতে না পারায় আড়তে সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে এসেছে।

যশোর ও ঝিনাইদহ থেকে সবজি আনা পাইকার আবদুর রহিম জানান, ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

ক্ষোভ ক্রেতাদের

আগারগাঁও বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী হায়দার মঈনুল আহসান বলেন, পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে প্রায় কোনো সবজি নেই। মাত্র ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনতেই ১০০ টাকা দিতে হয়েছে। তার অভিযোগ, বাজারে কার্যকর তদারকি না থাকায় বৃষ্টির অজুহাতে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।

কারওয়ান বাজারে বরবটি কিনতে আসা রিকশাচালক হোসেন উদ্দিন বলেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। মাছ-মাংস অনেক আগেই কেনা বাদ দিয়েছেন, এখন সবজিও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ